নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৫, 4:20 PM
বোয়ালমারীতে এম এম থ্রি ল্যাঙ্গুয়েজ মাদ্রাসায় সাঁতার প্রতিযোগিতা ও অভিভাবক সভা
আব্দুল মতিন মুন্সী : বোয়ালমারীর আল হেলাল স্কায়ার কমপ্লেক্সে শুক্রবার (১৯ ডিসেম্বর) নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ, ২০২৬ শিক্ষাবর্ষে নতুন ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম এবং অভিভাবকদের নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মন্তব্য করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা এবং সাপ্তাহিক আল হেলাল পত্রিকার সম্পাদক মো. রিজাউল হক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, খেলাধুলা ও জীবনমুখী দক্ষতা অর্জন করাও অত্যন্ত জরুরি। তিনি বলেন, সাঁতার শিখলে শিশুদের মৃত্যুঝুঁকি অনেকাংশে কমে যায়। বিশেষ করে পানিতে ডুবে যাওয়ার মতো দুর্ঘটনা প্রতিরোধে সাঁতার একটি গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী দক্ষতা। তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সাঁতার শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, এম এম থ্রি ল্যাঙ্গুয়েজ মাদ্রাসা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও বহুভাষাভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিচ্ছে। অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এম এম থ্রি ল্যাঙ্গুয়েজ মাদ্রাসার শিক্ষক মণ্ডলী উপস্থিত থেকে শিক্ষা কার্যক্রম, সাঁতার প্রশিক্ষণ এবং ২০২৬ শিক্ষাবর্ষে নতুন ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন। তারা জানান, মাদ্রাসাটিতে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় সমন্বিত পাঠদানের পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরামর্শ সভায় উপস্থিত অভিভাবকরা শিক্ষার মান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং মাদ্রাসার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে শিক্ষকদের সঙ্গে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইমরান খান ও সাংবাদিক আব্দুল মতিন মুন্সীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। ক্রেস্ট হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়াতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সমগ্র অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।