ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
মাহে রমজানে আলফাডাঙ্গায় ক্যাবের লিফলেট বিতরণ উপজেলা বিএনপি থেকে দুই নেতা বহিষ্কার নিজ বাসার গ্যারেজে থেকে এমপি প্রার্থীর মোটরসাইকেল চুরি গভীর রাতে আগ্নেয়াস্ত্রসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকির অভিযোগ জামায়াতের নির্বাচনি প্রচারণায় বাধা, ভ্যানচালকের চোখে গুরুতর আঘাত স্বাধীনতাবিরোধী গোষ্ঠীকে রুখে দেওয়ার আহ্বান আরিফুর রহমান দোলনের ত্রয়োদশ সংসদ নির্বাচন : চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস ইসির ‘হ্যাঁ’ ভোটে জনমত গঠনে রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাঁশের সাঁকোর নিচে এমপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

ইসলামে নেতা নির্বাচনের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং পদ্ধতি: গুণাবলী, আদর্শ ও বিধান

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৫,  6:41 PM

news image

আগামীকালের জুমার খুতবা হিসাবে আলোচনার বিষয় হতে পারে। 

*******************

ইসলামে নেতা নির্বাচনের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং পদ্ধতি: 

গুণাবলী, আদর্শ ও বিধান

:::::::::::::::::::::::::::::::::::::

সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন আল আযহারী

সহকারী অধ্যাপক, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ

ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ

ভূমিকা:

ইসলামে নেতৃত্ব (ইমামত, খিলাফত বা আমারত) একটি গুরুদায়িত্বপূর্ণ আমানত, যা সমাজের শান্তি, সুবিচার ও কল্যাণের মূল ভিত্তি। এটি কোনো বিলাসিতা বা ক্ষমতার মোহ নয়; বরং জনগণের সেবায় নিয়োজিত একটি দায়িত্ব, যা আল্লাহর পক্ষ থেকে অর্পিত। ইসলামী রাষ্ট্রব্যবস্থায় নেতৃত্ব নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা কুরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী পরিচালিত হতে হয়। মহানবী ﷺ ও খোলাফায়ে রাশেদীনের যুগে নেতৃত্ব নির্বাচন ছিল পরামর্শভিত্তিক, যোগ্যতা ও তাকওয়ার ভিত্তিতে। বর্তমান সময়েও মুসলিম সমাজে নেতৃত্ব নির্বাচনকে শরিয়তের আলোকে পরিচালনা করা অপরিহার্য।


ইসলামে নেতা নির্বাচনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা:

*****************************************

নেতৃত্ব মানব সমাজের অপরিহার্য ভিত্তি, যা ছাড়া জাতি বিশৃঙ্খল ও ধ্বংসপ্রবণ হয়ে পড়ে। ইসলাম নেতৃত্বকে একটি আমানত হিসেবে ঘোষণা করেছে এবং যোগ্য, সৎ ও আল্লাহভীরু ব্যক্তিকে দায়িত্ব অর্পণের নির্দেশ দিয়েছে (সূরা নিসা ৪:৫৮)। নেতৃত্ব নির্বাচন শুধু সামাজিক প্রয়োজন নয়, বরং এটি একটি শরঈ দায়িত্ব—ফরযে কেফায়াহ। ইসলামী রাষ্ট্রব্যবস্থায় নেতৃত্ব তিনভাবে প্রকাশ পায়: ইমাম, খলিফা ও আমীর। রাসূল ﷺ নিজ জীবনে নেতৃত্ব নির্বাচনের আদর্শ স্থাপন করেছেন—সেনাপতি, স্থলাভিষিক্ত ও শাসক নিয়োগের মাধ্যমে। তিনি বলেন, “নেতা তার রাইয়াতের দায়িত্বশীল” (বুখারী), এমনকি তিনজনের সফরেও একজনকে নেতা বানানোর নির্দেশ দিয়েছেন (আবু দাউদ ২৬০৮)। সুতরাং, ইসলামে নেতৃত্ব নির্বাচন কেবল প্রশাসনিক নয়, বরং এটি উম্মাহর ঐক্য, নিরাপত্তা ও আল্লাহর বিধান বাস্তবায়নের মাধ্যম।

ইসলামী নেতৃত্বের তিন পরিভাষা:

---------------------

১.ইমাম (إِمَام) — ‘নেতা’। ধাতু: أَمَّ  يَؤُمُّ অগ্রসর হওয়া, পথপ্রদর্শন করা, নেতৃত্ব দেওয়া। পরিভাষায়: الإِمَامُ: مَنْ يُقْتَدَى بِهِ فِي أَقْوَالِهِ وَأَفْعَالِهِ، سَوَاءٌ كَانَ فِي الْخَيْرِ أَوْ الشَّرِّ “ইমাম হলেন সেই ব্যক্তি, যার কথা ও কাজ অনুসরণ করা হয়— তা ভালো হোক বা মন্দ।”

শ্রেণী বিন্যাস:

  إمامة صغرى (ধর্মীয় নেতৃত্ব): নামাজের ইমাম, তাকওয়াবান ও কুরআন-সুন্নাহর জ্ঞানসম্পন্ন ব্যক্তি

  إمامة كبرى (রাষ্ট্রীয় নেতৃত্ব): ন্যায়পরায়ণ, দূরদর্শী, জনকল্যাণে নিবেদিত নেতা

“ইমাম” শব্দটি ধর্মীয়, রাজনৈতিক ও নৈতিক নেতৃত্বের প্রতীক। এটি একটি আমানত, যা যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তির হাতে অর্পণযোগ্য।


২. খিলাফত (خِلَافَةٌ) — ‘স্থলাভিষিক্ত নেতৃত্ব’। ধাতু: خَلَفَ يَخْلُفُ পিছনে আসা, স্থলাভিষিক্ত হওয়া, প্রতিনিধিত্ব করা। পরিভাষায়: الخِلَافَةُ: الإِمَارَةُ وَالرِّيَاسَةُ، وَالإِمَامَةُ فِي النَّاسِ “খিলাফত হলো— নেতৃত্ব, শাসনক্ষমতা এবং মানুষের উপর ইমামত।”(লিসানুল আরব)


৩. ইমারত (إِمَارَةٌ) — ‘শাসন ও প্রশাসন’। ধাতু: أَمَرَু يَأْمُرُ আদেশ দেওয়া, শাসন করা। সংজ্ঞা: الإِمَارَةُ: الوِلايَةُ وَالرِّيَاسَةُ، وَمَنْصِبُ الأَمِيرِ “ইমারত হলো— শাসনক্ষমতা, নেতৃত্ব এবং আমীরের পদ।”(লিসানুল আরব)

শ্রেণী বিন্যাস:

 রাষ্ট্রীয় নেতৃত্ব: আমীর জনগণের নেতৃত্ব দেন, শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করেন

 প্রশাসনিক দায়িত্ব: সেনাপতি, বিচারক, শহর প্রশাসক—যারা খিলাফতের অধীন দায়িত্ব পালন করেন

এই তিন পরিভাষা ইসলামী সমাজের আদর্শ নেতৃত্ব কাঠামো গঠনে অপরিহার্য, যা আমানত, তাকওয়া ও শরিয়াহভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করে।


ইসলামে নেতৃত্ব: গুরুত্ব, প্রয়োজনীয়তা, হুকুম ও যোগ্য নেতার মর্যাদা

=====================================================

 ১. নেতৃত্ব একটি আমানত:

 ﴿إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا﴾ “আল্লাহ তোমাদের নির্দেশ দেন, তোমরা আমানত তাদের কাছে পৌঁছে দাও, যারা এর হকদার।” — সূরা আন-নিসা (৪:৫৮) নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ আমানত, যা কেবল যোগ্য ও বিশ্বস্ত ব্যক্তির হাতে অর্পণ করতে হবে।


 ২. পরামর্শভিত্তিক নেতৃত্ব নির্বাচন:

 ﴿وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ﴾ “তুমি তাদের সঙ্গে পরামর্শ করো কাজের ব্যাপারে।” — আলে ইমরান (৩:১৫৯) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা’র নেতৃত্ব ছিল শূরা ভিত্তিক, যা ইসলামী রাষ্ট্র পরিচালনার মূলনীতি।


 ৩. আল্লাহভীরু ব্যক্তিই নেতৃত্বের যোগ্য:

 ﴿إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ﴾ “নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি, যে সবচেয়ে বেশি তাকওয়াবান।” — সূরা হুজুরাত (৪৯:১৩) নেতা নির্বাচনে তাকওয়া ও চরিত্রকে প্রধান বিবেচনায় নিতে হবে।


 ৪. নেতা নির্বাচনের নির্দেশ:

 إذا كنتم ثلاثة في سفر فليؤمر أحدكم “তোমরা যদি তিনজনও থাকো, তবে একজনকে আমীর (নেতা) নির্বাচন করে নাও।” — আবু দাউদ, হাদীস: ২৬০৮ ছোট দলেও নেতৃত্ব অপরিহার্য, বড় সমাজে তো আরও বেশি।


 ৫. যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে:

 من ولي من أمر المسلمين شيئاً، فولى رجلاً وهو يجد من هو أصلح للمسلمين منه، فقد خان الله ورسوله “যে ব্যক্তি মুসলমানদের কোনো দায়িত্বে নিয়োজিত হয়, এবং এমন কাউকে দায়িত্ব দেয় যার চেয়ে উত্তম ব্যক্তি সে জানে, তবে সে আল্লাহ ও তাঁর রাসূলের সঙ্গে খেয়ানত করে।” — সুনানে দারেমি, হাদীস: ২৫৩ যোগ্যতার চেয়ে কম যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিলে তা খেয়ানত।


 ৬. নেতৃত্ব চেয়ে নেওয়া নিষিদ্ধ:

 إِنَّهَا أَمَانَةٌ، وَإِنَّهَا يَوْمَ الْقِيَامَةِ خِزْيٌ وَنَدَامَةٌ... “এটি একটি আমানত, কিয়ামতের দিন তা হবে লজ্জা ও অনুতাপের কারণ, যদি না কেউ তা যথাযথভাবে গ্রহণ করে এবং দায়িত্ব পালন করে।” — সহীহ মুসলিম নেতৃত্ব চেয়ে নেওয়া। নয়, বরং দায়িত্ববোধ ও যোগ্যতার ভিত্তিতে গ্রহণযোগ্য।


 ৭. অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব দিলে ধ্বংস অনিবার্য:

 إِذَا وُسِّدَ الْأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرِ السَّاعَةَ “যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে, তখন কিয়ামতের প্রতীক্ষা করো।” — সহীহ বুখারী, হাদীস: ৬৪৯৬। নেতৃত্বে অযোগ্য ব্যক্তির আগমন সমাজ ধ্বংসের পূর্বাভাস।


 ৮. নেতৃত্ব একটি দায়িত্ব, অধিকার নয়:

 الإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ “নেতা একজন রক্ষক, এবং তিনি তার রাইয়াত সম্পর্কে জবাবদিহি করবেন।” — সহীহ বুখারী ও মুসলিম। নেতৃত্ব মানে দায়িত্ব ও জবাবদিহিতা, কোনো ব্যক্তিগত অধিকার নয়।


 ৯. নেতা ছাড়া সমাজ অচল:

 مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ لاَ يَنَامَ نَوْماً وَلاَ يُصْبِحَ صَبَاحًا إِلاَّ وَعَلَيْهِ إِمَامٌ فَلْيَفْعَلْ “তোমাদের মধ্যে যে ব্যক্তি এ ক্ষমতা রাখে, যেন সে কখনো এমন অবস্থায় না থাকে যে তার কোনো নেতা নেই।” — মুসনাদ আহমাদ, হাদীস: ১১২৬৫ নেতৃত্ব ছাড়া সমাজ ছত্রভঙ্গ হয়ে পড়ে, তাই নেতৃত্ব অপরিহার্য। 


 ১০. নেতার বিশ্বাসঘাতকতা সবচেয়ে ভয়ংকর:

 لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ... وَلَا غَادِرَ أَعْظَمُ غَدْرًا مِنْ أَمِيرِ عَامَّةٍ “কিয়ামতের দিন প্রতিটি বিশ্বাসঘাতকের জন্য একটি পতাকা থাকবে, আর জনগণের নেতা হয়ে যে বিশ্বাসঘাতকতা করে, তার চেয়ে বড় বিশ্বাসঘাতক আর নেই।” — সহীহ মুসলিম, হাদীস: ১৭৩৮। নেতৃত্বে বিশ্বাসঘাতকতা সবচেয়ে ভয়ংকর অপরাধ।


ইসলামে নেতৃত্ব নির্বাচনের হুকুম ও তাৎপর্য

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ইসলামের দৃষ্টিতে নেতৃত্ব নির্বাচন একটি শরয়ি দায়িত্ব—ফরযে কেফায়াহ। অর্থাৎ, সমাজের দায়িত্বশীল ও বিচক্ষণ ব্যক্তিরা যদি একজন সৎ, যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করেন, তাহলে সকলের পক্ষ থেকে ফরয আদায় হয়ে যায়। নেতৃত্বহীন সমাজ নাবিকহীন নৌকার মতো—দিকহীন, বিশৃঙ্খল ও ধ্বংসপ্রবণ। এটি ‘ফরযে আ’ইন’ নয়, বরং অভিজ্ঞ, জ্ঞানী ও ন্যায়পরায়ণদের মাধ্যমে সম্পন্ন হয়। তাই নেতৃত্ব নির্বাচন শুধু সামাজিক প্রয়োজন নয়, বরং উম্মাহর ঐক্য, নিরাপত্তা ও কল্যাণের ভিত্তি।


 যোগ্য ও ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা ও পুরস্কার:

====================================

 ১. ন্যায়পরায়ণ শাসক আল্লাহর আরশের ছায়ায় আশ্রয়প্রাপ্ত হবেন:  

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন,  سَبْعَةٌ يُظِلُّهُمُ اللهُ فِي ظِلِّهِ... إِمَامٌ عَادِلٌ — (বুখারী হা/৬৬০; মুসলিম হা/১০৩১) “সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ নিজের ছায়ায় আশ্রয় দিবেন... তাদের মধ্যে একজন হলেন ন্যায়পরায়ণ শাসক।”

 ২. ন্যায়পরায়ণ নেতারা আল্লাহর কুদরতের ডান পাশে জ্যোতির মিম্বরে থাকবেন: 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللهِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ... — (মুসলিম হা/১৮২৭) “আল্লাহর নিকট যারা ন্যায়পরায়ণ, তারা জ্যোতির মিম্বরে অবস্থান করবেন, আল্লাহর ডান পাশে।”

 ৩. শ্রেষ্ঠ ও নিকৃষ্ট নেতার বৈশিষ্ট্য: 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, خِيَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ... — (মুসলিম হা/১৮৫৫) “শ্রেষ্ঠ নেতা তারা, যাদের তোমরা ভালোবাসো এবং তারা তোমাদের ভালোবাসে...”

 ৪. নেতা হলেন ঢালস্বরূপ: 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, وَإِنَّمَا الْإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ... — (বুখারী হা/২৯৫৭; মুসলিম হা/১৮৩৫) “নেতা হলেন ঢাল, যাঁর পিছনে থেকে যুদ্ধ করা হয় এবং যাঁর মাধ্যমে আত্মরক্ষা করা হয়...”

 ৫. জনগণের গোপন বিষয় অনুসন্ধান নেতার জন্য ধ্বংস ডেকে আনে: 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, إِنَّ الْأَمِيرَ إِذَا ابْتَغَى الرِّيبَةَ فِي النَّاسِ أَفْسَدَهُمْ — (আবু দাউদ হা/৪৮৮৯) “যখন শাসক জনগণের ছিদ্রান্বেষণ করে, তখন সে তাদের ধ্বংস করে।” যোগ্য নেতা গোপন অনুসন্ধানে লিপ্ত হন না, বরং আস্থা ও ন্যায়বিচার বজায় রাখেন।

 ৬. জনগণের প্রয়োজন উপেক্ষা করলে আল্লাহও তার প্রয়োজন উপেক্ষা করবেন: 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, مَنْ وَلَّاهُ اللهُ شَيْئًا... فَاحْتَجَبَ دُونَ حَاجَتِهِمْ... اِحْتَجَبَ اللهُ دُونَ حَاجَتِهِ... — (আবু দাউদ হা/২৯৪৮; তিরমিযী হা/১৩৩২) “যে নেতা জনগণের প্রয়োজন থেকে নিজেকে গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহও তার প্রয়োজন থেকে নিজেকে গোপন রাখবেন।”


ইসলামে নেতৃত্ব নির্বাচন একটি শরয়ি ফরযে কেফায়াহ, যা উম্মাহর ঐক্য, নিরাপত্তা ও কল্যাণের ভিত্তি। যোগ্য ও ন্যায়পরায়ণ নেতা আল্লাহর ছায়ায় আশ্রয়প্রাপ্ত, জ্যোতির মিম্বরে অধিষ্ঠিত, এবং আখিরাতে পুরস্কৃত হবেন। অন্যদিকে, দায়িত্বহীন ও দুর্নীতিপরায়ণ নেতা আল্লাহর গজবের শিকার হবেন। তাই মুসলিম সমাজে নেতৃত্ব নির্বাচন হতে হবে তাকওয়া, আমানত ও ন্যায়বিচারের ভিত্তিতে।


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা’রনেতৃত্ব নির্বাচনের দৃষ্টান্ত ও ইসলামী রাষ্ট্রব্যবস্থায় এর গুরুত্ব:

***********************************************************************

ইসলামে নেতৃত্ব নির্বাচন একটি গুরুত্বপূর্ণ শরঈ দায়িত্ব, যা উম্মাহর ঐক্য, নিরাপত্তা ও কল্যাণের ভিত্তি। এটি শুধু প্রশাসনিক নয়, বরং আল্লাহর বিধান বাস্তবায়নের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা’র জীবন থেকে নেতৃত্ব নির্বাচনের তিনটি স্পষ্ট দৃষ্টান্ত পাওয়া যায়:

 ১. সেনাপতি নিয়োগ: 

প্রতিটি অভিযানে সাহসী ও যোগ্য সাহাবিকে নেতৃত্বে নিয়োগ দেওয়া—যেমন যাইদ (রা.), খালিদ (রা.), আলী (রা.)—প্রমাণ করে, নেতৃত্বহীন বাহিনী নয়, সুসংগঠিত নেতৃত্বই ইসলামী রীতি।

 ২. স্থলাভিষিক্ত নিয়োগ: 

মদীনা ত্যাগের সময় প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষায় স্থলাভিষিক্ত নিয়োগ—যেমন আলী (রা.)-কে মক্কায় রেখে যাওয়া—প্রমাণ করে, নেতৃত্ব ছাড়া প্রশাসন অচল।

 ৩. বিজিত অঞ্চলে শাসক নিয়োগ: 

মুয়ায (রা.)-কে ইয়েমেনে পাঠানোসহ বিভিন্ন অঞ্চলে প্রতিনিধি নিয়োগ—প্রমাণ করে, স্থানীয় প্রশাসনে নেতৃত্ব প্রতিষ্ঠা ইসলামী রাষ্ট্রব্যবস্থার অপরিহার্য অংশ।


সুতরাং, নেতৃত্ব একটি আমানত, যা যোগ্য, তাকওয়াবান ও জবাবদিহিতাশীল ব্যক্তির হাতে অর্পণ করতে হয়। রাসূল ﷺ ও সাহাবাদের দৃষ্টান্ত প্রমাণ করে, ইমাম, খলিফা ও আমীর—এই তিন স্তরের নেতৃত্বই সুসংগঠিত সমাজ গঠনের মূল ভিত্তি।


ইসলামে নেতৃত্ব: গুণাবলী ও আদর্শ

=========================

ইসলামে নেতৃত্ব (ইমামত বা ইমারত) একটি গুরুভার দায়িত্ব। এটি কোনো বিলাসিতা বা ক্ষমতার মোহ নয়; বরং মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সর্বোচ্চ রূপ। নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে একটি আমানত, যা শুধুমাত্র যোগ্য, সচ্চরিত্র ও মুত্তাকি ব্যক্তিদের হাতে ন্যস্ত হওয়া উচিত। অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হলে সমাজে বিশৃঙ্খলা ও অবক্ষয় সৃষ্টি হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, إذا ضُيِّعَتِ الأمانةُ فانتظرِ الساعةَ... إذا وُسِّدَ الأمرُ إلى غيرِ أهلِه فانتظرِ الساعةَ

“যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে অর্পণ করা হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো।” — (সহীহ বুখারী, হা/৫৯)


 ১. যোগ্যতা ও দক্ষতা: 

নেতৃত্বের জন্য সর্বপ্রথম প্রয়োজন যোগ্যতা ও দক্ষতা। যে ব্যক্তি নেতৃত্ব গ্রহণ করবে, তার মধ্যে সমস্যা সমাধানের সক্ষমতা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর মতো দূরদর্শিতা থাকতে হবে। আলী (রা.) বলেন, يَتَوَلَّى أَمْرَ النَّاسِ أَقْوَاهُمْ عَلَيْهِمْ  “নেতা হবেন সেই ব্যক্তি, যিনি তাদের মধ্যে সবচেয়ে দৃঢ়।” — (আল-ইসলাম ২/১৪৮)

“মানুষের নেতৃত্ব দানের অধিকারী হবে সে, যে তাদের সবার তুলনায় অধিক দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন ও শক্তিশালী।”  কুরআনে ইউসুফ (আ.) এর কথা উল্লেখ করে বলা হয়েছে, اجْعَلْنِي عَلَى خَزَائِنِ الْأَرْضِ إِنِّي حَفِيظٌ عَلِيمٌ "আমাকে দেশের ধনভাণ্ডারের ওপর নিয়োগ করুন, আমি বিশ্বস্ত রক্ষক এবং জ্ঞানী।” (সূরা ইউসুফ: ৫৫)


 ২. ন্যায়পরায়ণতা ও সুবিচার: 

ন্যায়পরায়ণতা নেতৃত্বের অন্যতম মূল ভিত্তি। একজন আদর্শ নেতা কখনো পক্ষপাতদুষ্ট বা অন্যায়পন্থী হতে পারে না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "সাত শ্রেণির মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে, তার মধ্যে একজন হলেন ন্যায়পরায়ণ শাসক।” (সহীহ বুখারী, হাদীস: ৬৮০৬)।

আল্লাহ তাআলা বলেন, كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ "হে ঈমানদারগণ! তোমরা ন্যায়বিচারে অটল থাকো, আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্য দাও।” (সূরা নিসা: ১৩৫)


 ৩. সচ্চরিত্রতা ও আদর্শিকতা: 

নেতার চরিত্র সমাজে বিশাল প্রভাব ফেলে। তার আচরণ, ভাষা ও নৈতিকতা জনগণের মধ্যে ভালো বা মন্দের অনুপ্রেরণা জোগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন মহান চরিত্রের অধিকারী— وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ —“আপনি তো মহৎ চরিত্রের অধিকারী।” (সূরা কলম: ৪)।

তিনি বলেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম সে, যার চরিত্র উত্তম।” (সহীহ বুখারী, হাদীস: ৩৫৫৯)


 ৪. সত্যবাদিতা ও তাকওয়া: 

নেতৃত্বে সততা ও আল্লাহভীতি (তাকওয়া) অপরিহার্য। একজন মিথ্যাবাদী নেতা শুধু নিজের জন্য নয়, বরং পুরো জাতির জন্য বিপদ ডেকে আনে। ইসলামে নেতৃত্বের জন্য সত্যবাদিতা ও তাকওয়া একটি মৌলিক শর্ত।

 হাদীস (সহীহ মুসলিম, হা/১৯৬): ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يُزَكِّيهِمْ، وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ: شَيْخٌ زَانٍ، وَمَلِكٌ كَذَّابٌ، وَعَائِلٌ مُسْتَكْبِرٌ “তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি: (১) বৃদ্ধ ব্যভিচারী, (২) মিথ্যাবাদী শাসক, (৩) দরিদ্র অহংকারী।”নেতৃত্বে মিথ্যাচার আল্লাহর গজব ডেকে আনে এবং জাতিকে ধ্বংসের পথে নিয়ে যায়।


 ৫. জনদরদি ও মানবিক হওয়া: 

একজন আদর্শ নেতা হবেন জনদরদি, মানবিক ও কল্যাণকামী। তিনি জনগণের সমস্যা বুঝবেন, তাদের জন্য চেষ্টা করবেন এবং তাদের কল্যাণে সদা সচেষ্ট থাকবেন। হাদীস (সহীহ মুসলিম, হা/৪৬২৫): مَا مِنْ أَمِيرٍ يَلِي أَمْرَ الْمُسْلِمِينَ، ثُمَّ لَا يَجْهَدُ لَهُمْ وَيَنْصَحُ، إِلَّا لَمْ يَدْخُلْ مَعَهُمُ الْجَنَّةَ

“যে আমীর মুসলিমদের শাসনক্ষমতা লাভ করে, অথচ তাদের কল্যাণে চেষ্টা করে না, তাদের মঙ্গল কামনা করে না—আল্লাহ তাকে তাদের সঙ্গে জান্নাতে প্রবেশ করাবেন না।” নেতৃত্বে জনকল্যাণের চেতনা না থাকলে তা শুধু ব্যর্থতা নয়, বরং আখিরাতের শাস্তির কারণ।

 ৬. শিক্ষা ও প্রজ্ঞা: 

একজন আদর্শ নেতার মধ্যে থাকতে হবে গভীর জ্ঞান, বিচক্ষণতা ও পরামর্শ গ্রহণের মানসিকতা। কারণ নেতৃত্ব মানেই শুধু সিদ্ধান্ত গ্রহণ নয়, বরং সময়োপযোগী ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে সক্ষম হওয়া। এ গুণাবলিরই স্বীকৃতি আমরা পাই তালূতের ঘটনা থেকে, যাকে বনি ইসরাইলের ওপর নেতা হিসেবে মনোনীত করেছিলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেনঃ ﴿زَادَهُ بَسْطَةً فِي الْعِلْمِ وَالْجِسْمِ﴾ “আর তাকে জ্ঞান ও দেহে প্রাচুর্য দান করা হয়েছে।”- সূরা আল-বাকারা, আয়াত: ২৪৭

এই আয়াত থেকে বোঝা যায়, একটি জাতির নেতৃত্বের জন্য আল্লাহ কর্তৃক মনোনীত ব্যক্তির অন্যতম গুরুত্বপূর্ণ যোগ্যতা হলো জ্ঞান ও শারীরিক সক্ষমতা। তালূতের নেতৃত্বে অসন্তুষ্ট জনগণের কাছে নবী ব্যাখ্যা করে বলেন, তিনিই হচ্ছেন যোগ্য ব্যক্তি—কারণ আল্লাহ তাঁকে জ্ঞানে ও দেহে অন্যান্যদের চেয়ে সমৃদ্ধ করেছেন।এটি প্রমাণ করে, একটি জাতির উন্নতি ও সুসংগঠিত পরিচালনার অন্যতম পূর্বশর্ত হলো একজন শিক্ষিত, জ্ঞানী ও প্রজ্ঞাবান নেতা।

 ৭. আমানতদারি ও বিশ্বাসযোগ্যতা: 

নেতৃত্ব একটি পবিত্র আমানত। কেউ যদি এটিকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে, তবে তা আখিরাতে লজ্জা ও অনুশোচনার কারণ হবে। হাদীস (সহীহ মুসলিম, হা/৪৬১৩): يا أبا ذرٍّ، إنك ضعيفٌ، وإنها أمانةٌ، وإنها يومَ القيامةِ خزيٌ وندامةٌ، إلا من أخذها بحقِّها، وأدَّى الذي عليه فيها. “হে আবু যর! তুমি দুর্বল, অথচ এটি একটি আমানত। কিয়ামতের দিন এটি হবে লজ্জা ও অনুশোচনার কারণ, যদি না কেউ তা যথাযথভাবে গ্রহণ করে এবং দায়িত্ব পালন করে।”  নেতৃত্বে আমানতদারিতা না থাকলে তা আখিরাতের শাস্তির কারণ হয়।


 ৮. অহংকারহীন ও স্বেচ্ছাচারী না হওয়া: 

নেতা কখনোই নিজের খেয়াল-খুশিমতো কাজ করতে পারেন না। তিনি শরিয়াহর বিধান মেনে চলবেন এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।  হাদীস: إِنِّي لَا أُعْطِي أَحَدًا، وَلَا أَمْنَعُ أَحَدًا، إِنَّمَا أَنَا قَاسِمٌ، أَضَعُ حَيْثُ أُمِرْتُ “আমি কাউকে ইচ্ছামতো দিই না, কাউকে ইচ্ছামতো বঞ্চিতও করি না। আমি তো শুধু বণ্টনকারী, আমাকে যেখানে আদেশ দেওয়া হয়, সেখানেই ব্যয় করি।”(আবু দাউদ, হা/২৯৪৯) নেতৃত্বে স্বেচ্ছাচারিতা নয়, বরং শরিয়াহভিত্তিক দায়িত্ব পালনই ইসলামী আদর্শ।

 ৯. সাহসিকতা ও সংকল্প: 

নেতা হতে হবে সাহসী, দৃঢ় সংকল্পবদ্ধ এবং বিপদের সময়েও আল্লাহর ওপর ভরসা রেখে অটল থাকতে হবে। হাদীস (সহীহ মুসলিম): أنا النبي لا كذب، أنا ابن عبد المطلب “আমি নবী, মিথ্যাবাদী নই; আমি আবদুল মুত্তালিবের সন্তান।” — (হুনাইন যুদ্ধের সময়) সাহস ও দৃঢ়তা নেতৃত্বের অপরিহার্য গুণ।

 ১০. ক্ষমাশীলতা ও প্রতিশোধপরায়ণ না হওয়া: 

নেতার মধ্যে ক্ষমাশীলতা থাকা আবশ্যক। তিনি ব্যক্তিগত কারণে প্রতিশোধ নেবেন না, বরং আল্লাহর বিধান লঙ্ঘিত হলে ন্যায়ের পথে প্রতিক্রিয়া দেখাবেন। হাদীস: ما انتقم رسولُ اللهِ ﷺ لنفسِه قطُّ، إلا أن تُنتهكَ حرمةُ اللهِ، فينتقمَ للهِ بها. “রাসূল ﷺ কখনো ব্যক্তিগত কারণে প্রতিশোধ নেননি। তবে আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘিত হলে, তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিশোধ নিতেন।”(সহীহ বুখারী, হা/৬১২৬) ক্ষমাশীলতা নেতৃত্বকে মহান করে তোলে।

 ১১. দায়িত্ববোধ ও জবাবদিহি: 

নেতা তার অধীনস্থদের প্রতি দায়িত্বশীল হবেন এবং আল্লাহর কাছে জবাবদিহি করবেন। হাদীস (সহীহ বুখারী ও মুসলিম): كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ “তোমরা সবাই দায়িত্বশীল, এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে।” নেতৃত্ব মানে দায়িত্ব, যা জবাবদিহির মাধ্যমে পূর্ণতা পায়।

 ১২. বিনয় ও নম্রতা: 

আদর্শ নেতা নম্র, সহানুভূতিশীল ও পরোপকারী হন। কুরআনে আল্লাহ বলেন, فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ “এটা আল্লাহর অনুগ্রহ যে, আপনি তাদের প্রতি নম্র হয়েছেন। আপনি যদি রূঢ় হতেন, তারা আপনার পাশে থাকত না।” (সূরা আলে ইমরান: ১৫৯)

 ১৩. পদমোহমুক্ত হওয়া: মূলনীতি: 

আসল নেতা নেতৃত্বের জন্য লালায়িত হন না; বরং দায়িত্ব এলে আল্লাহভীতি ও আমানতবোধ নিয়ে তা পালন করেন। হাদীস: يا أبا ذرٍّ، إنك ضعيفٌ، وإنها أمانةٌ، وإنها يومَ القيامةِ خزيٌ وندامةٌ، إلا من أخذها بحقِّها، وأدَّى الذي عليه فيها. “হে আবু যর! তুমি দুর্বল, অথচ এটি একটি আমানত। কিয়ামতের দিন এটি হবে লজ্জা ও অনুশোচনার কারণ, যদি না কেউ তা যথাযথভাবে গ্রহণ করে এবং দায়িত্ব পালন করে।”  (সহীহ মুসলিম, হা/৪৬১৩) নেতৃত্ব চেয়ে নেওয়া নয়, বরং দায়িত্ববোধ নিয়ে গ্রহণ করাই ইসলামী আদর্শ।

 ১৪. নেতৃত্বে সততা ও দূরদর্শিতা: 

মূলনীতি: নেতা শুধু দিকনির্দেশক নন, বরং জাতির নাবিক। তার মধ্যে দূরদর্শিতা ও আল্লাহর ওপর ভরসা থাকা আবশ্যক। কুরআন: كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ “কত ক্ষুদ্র দল আল্লাহর সাহায্যে বৃহৎ দলকে পরাজিত করেছে।”(সূরা বাকারা ২:২৪৯)  নেতৃত্বে সাহস, দূরদর্শিতা ও আল্লাহর ওপর ভরসা জাতিকে বিজয়ের পথে পরিচালিত করে।

 ১৫. শরিয়াহ জ্ঞানে পারদর্শিতা: মূলনীতি: 

একজন নেতার জন্য ইসলামী আইন ও শরিয়াহর মৌলিক জ্ঞান আবশ্যক, যাতে তিনি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন।  يجب أن يكون الإمام عارفًا بأحكام الشريعة، لأنه هو الذي ينفذها في الأمة. “নেতার শরিয়াহর বিধান সম্পর্কে জ্ঞাত হওয়া আবশ্যক, কারণ তিনিই তা জাতির মধ্যে বাস্তবায়ন করেন।”  শরিয়াহ জ্ঞান ছাড়া নেতৃত্ব ইসলামী রাষ্ট্রব্যবস্থায় গ্রহণযোগ্য নয়।

ইসলামে নেতৃত্ব একটি গুরুদায়িত্ব, যা শুধু যোগ্য, নীতিবান ও তাকওয়াদার ব্যক্তিদের ওপর অর্পণযোগ্য। অযোগ্য ব্যক্তির নেতৃত্ব কিয়ামতের আলামত এবং সমাজ ধ্বংসের অন্যতম কারণ। একজন আদর্শ নেতা সেই ব্যক্তি, যিনি জ্ঞানী, আমানতদার, ন্যায়পরায়ণ, জনদরদি এবং আল্লাহভীরু। ইসলামের এই গুণাবলিগুলো সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার মৌলিক শর্ত।

ইসলামে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি ও বিধান:

*****************************************

ইসলামে নেতৃত্ব নির্বাচন একটি পবিত্র দায়িত্ব ও আল্লাহর পক্ষ থেকে অর্পিত আমানত। এটি ক্ষমতার লড়াই নয়, বরং জনগণের কল্যাণ ও আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যম। কুরআন ও হাদীসের নির্দেশনা অনুযায়ী, নেতৃত্ব কেবল যোগ্য, সৎ ও আল্লাহভীরু ব্যক্তিদের হাতে অর্পণ করতে হয়। ইসলামে নেতৃত্ব নির্বাচনের মূল ভিত্তি:

১. নেতৃত্ব একটি আমানত: 

কুরআন (সূরা নিসা ৪:৫৮): إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا... “নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন, তোমরা আমানতসমূহ তাদের যথার্থ হকদারদের কাছে পৌঁছে দাও...” হাদীস: ্রكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ “তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করবে।”(সহীহ বুখারী)

২. নেতা মানে সেবক:

 خادِمُ القومِ سَيِّدُهُم  “নেতা হবেন জনগণের সেবক।”(মিশকাত, হা/৩৯২৫)


৩. অযোগ্য নেতৃত্বের পরিণতি:  

হাদীস (বুখারী, হা/৫৯): “যখন দায়িত্ব অযোগ্যদের হাতে অর্পণ করা হবে, তখন কিয়ামতের প্রতীক্ষা করো।” নেতৃত্বে অযোগ্য ব্যক্তির আগমন সমাজে বিশৃঙ্খলা, জুলুম ও দুর্নীতির জন্ম দেয়।

৪. যোগ্য নেতার গুণাবলি: 

সততা ও আমানতদারিতা, খোদাভীতি ও ঈমান, জ্ঞান ও প্রজ্ঞা, ন্যায়পরায়ণতা, মানবদরদি মনোভাব বিচক্ষণতা ও দায়িত্ববোধ ইত্যাদি। হাদীস: “যারা মানবসেবার জন্য প্রচেষ্ঠা করবে, তাদের মর্যাদা হবে সে লোকের মতো, যে সারারাত ইবাদত করে এবং সারাদিন রোজা রাখে।”(তিরমিজি) আরও হাদীস: “যে ব্যক্তি ভালো কাজের পথ খুলে দেয়, সে তার সওয়াবে অংশীদার হয়; আর যে মন্দের পথ খুলে দেয়, সে তার গুনাহেও অংশীদার হয়।” — (তিরমিজি, মিশকাত)

৫. নেতৃত্ব চেয়ে নেওয়া নিষিদ্ধ:

 لاَ تَسْأَلِ الْإِمَارَةَ... “তুমি নেতৃত্ব চেয়ো না। যদি চেয়ে নিয়ে তা পাও, তাহলে তোমাকে তার উপর ছেড়ে দেওয়া হবে...”(বুখারী ৭১৪৬; মুসলিম ১৬৫২) হাদীস: إِنَّا وَاللهِ لاَ نُوَلِّي عَلَى هَذَا الْعَمَلِ أَحَدًا سَأَلَهُ “আল্লাহর শপথ! আমরা এই দায়িত্ব কাউকে দেই না, যে তা চায় বা তার প্রতি লালায়িত।”(মুসলিম ১৭৩৩)

৬. নেতা পুরুষ হতে হবে:  

 الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ “পুরুষেরা নারীদের অভিভাবক।”(সূরা নিসা ৪:৩৪)

 لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمُ امْرَأَةً “যে জাতি নারীদের শাসনক্ষমতায় বসায়, তারা কখনো সফল হবে না।”(বুখারী ৪৪২৫)

 ইসলামে নেতৃত্বের দায়িত্ব পুরুষদের উপর অর্পিত হয়েছে, যাতে নারীরা নিরাপদ ও সম্মানিত থাকেন।

নেতৃত্ব নির্বাচনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা’র আদর্শ

==================================================

• যোগ্য ও বিশেষজ্ঞকে মনোনয়ন: 

 إِنَّا لاَ نُوَلِّي عَلَى هَذَا الْعَمَلِ أَحَدًا سَأَلَهُ، وَلاَ أَحَدًا حَرَصَ عَلَيْهِ “আমি এই দায়িত্বপূর্ণ কাজে এমন কাউকে নিয়োগ করব না, যে তা চায় বা তার প্রতি লালায়িত।”(মুসলিম, হা/১৮২৪)

পরামর্শভিত্তিক নির্বাচন: কুরআন: وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ “তাদের কাজ পরস্পরের পরামর্শের ভিত্তিতে সম্পাদিত হয়।”(সূরা শূরা ৪২:৩৮)  নবী ﷺ শূরা ব্যবস্থাকে উৎসাহিত করেছেন, যাতে নেতৃত্ব নির্বাচন হয় জ্ঞানী ও বিচক্ষণদের পরামর্শে।

 খোলাফায়ে রাশেদীনের নির্বাচন পদ্ধতি:

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ... (নিসা ৪:৫৮) وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ (শূরা ৪২:৩৮) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, الخلافة بعدي ثلاثون سنة — “আমার পরে খেলাফত থাকবে ত্রিশ বছর।” — (আবু দাউদ, হা/২৮৫৭)

নেতা নির্বাচন কে করবে?

===============

 ১. পূর্বতন নেতা — মূল দায়িত্বপ্রাপ্ত: ইবনু হয্ম (রহঃ): “নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব সর্বসাধারণের নয়, বরং পূর্বতন নেতার উপর অর্পিত।” — কিতাবুল ফিছাল ৩/৯৭

 ২. শূরা পরিষদ — পরামর্শদাতা ও যাচাইকারী: কুরআন: وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ

 ৩. জনসমর্থন ও বায়‘আত — নেতৃত্বের বৈধতা: জনগণের আনুগত্যই নেতৃত্বকে সামাজিক ও নৈতিক বৈধতা দেয়।

ইসলামে নেতৃত্ব নির্বাচন একটি পবিত্র আমানত, যা কেবল যোগ্য, সৎ ও আল্লাহভীরু ব্যক্তিদের মাধ্যমে সম্পন্ন হওয়া উচিত। এই দায়িত্ব কেবল ভোটারদের নয়, বরং পূর্বতন নেতা, শূরা পরিষদ ও জনসমর্থনের সম্মিলিত কাঠামোর উপর ভিত্তি করে গঠিত। নেতৃত্ব নির্বাচনের মূলনীতি হলো: আমানতদারিতা, পরামর্শ, যোগ্যতা, নিষ্ঠা ও সুন্নাহ অনুসরণ। খোলাফায়ে রাশেদীনের নির্বাচন পদ্ধতি এই আদর্শের বাস্তব উদাহরণ, যা অনুসরণ করলে সমাজে ন্যায়, শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করা সম্ভব।

প্রচলিত গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি ও ইসলামের দৃষ্টিভঙ্গি:

====================================

গণতন্ত্রে নেতৃত্ব নির্বাচিত হয় সংখ্যাগরিষ্ঠ ভোটে, যেখানে সৎ-অসৎ, মুসলিম-অমুসলিম সকলের ভোটের মূল্য সমান। অথচ কুরআন (নিসা ৪:১৪১) অনুযায়ী, কাফেরদের মুমিনদের উপর কর্তৃত্বের সুযোগ নেই। ইসলামে নেতৃত্ব কেবল তাকওয়াবান, যোগ্য ও শরিয়াহজ্ঞানসম্পন্ন মুসলিমের জন্য নির্ধারিত।

নেতৃত্ব চেয়ে নেওয়া ইসলামে নিষিদ্ধ (সহীহ মুসলিম, হা/১৭৩৩), অথচ গণতন্ত্রে নেতৃত্বের জন্য প্রতিযোগিতা, প্রচার, অর্থব্যয় ও চরিত্র হনন হয়, যা ইসলামী আদর্শের পরিপন্থী।

গণতান্ত্রিক নির্বাচনের ব্যক্তিগত কুফলের মধ্যে রয়েছে অর্থ অপচয়, দুর্নীতি, হতাশা ও প্রতিশোধপরায়ণতা। হাদীস (মুসলিম, হা/৪৬১৩) অনুযায়ী, নেতৃত্ব একটি আমানত, যা কিয়ামতের দিন লজ্জা ও অনুশোচনার কারণ হবে।

সামাজিক কুফলের মধ্যে রয়েছে পুঁজিপতিদের আধিপত্য, দলীয় বিদ্বেষ, সমাজে বিভাজন, সন্ত্রাস ও দলীয়করণ। এসব কুফল ইসলামী সমাজব্যবস্থার পরিপন্থী।

কুরআন (তওবা ৯:২৮) অনুযায়ী, ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ইসলামী পন্থায়, আখেরাতকেন্দ্রিক চিন্তায় ও শরিয়াহর ভিত্তিতে—না যে কোনো মনগড়া পদ্ধতিতে।

গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি ইসলামী আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে যদি প্রার্থী ও ভোটার উভয়ই সৎ, তাকওয়াবান ও শরিয়াহজ্ঞানসম্পন্ন হয়, তাহলে তা সীমিতভাবে গ্রহণযোগ্য হতে পারে। ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন শরিয়াহভিত্তিক শূরা, আমানতদার নেতৃত্ব ও আল্লাহভীতিসম্পন্ন সমাজ। তাই মুসলিম উম্মাহকে বিশুদ্ধ ইসলামী পন্থায় ফিরে যেতে হবে।

ইসলামের দৃষ্টিতে ভোট: একটি শরয়ি আমানত

++++++++++++++++++++++++++++++

ইসলামে ভোট শুধু রাজনৈতিক অধিকার নয়, বরং এটি একটি গুরুদায়িত্বপূর্ণ আমানত। ভোটের মাধ্যমে একজন নাগরিক রাষ্ট্রীয় নেতৃত্বের জন্য কাউকে মনোনয়ন দেন। ইসলামী শরিয়তের আলোকে ভোটের তিনটি দিক রয়েছে:

  সাক্ষ্য প্রদান (شهادة)

  সুপারিশ (شفاعة)

  প্রতিনিধিত্বের অনুমতি প্রদান (تفويض السلطة)

এই তিনটি দিক থেকেই ভোট একটি শরয়ি দায়িত্ব, যা সঠিকভাবে পালন না করলে তা গুনাহের কারণ হয়ে দাঁড়ায়।

 ১. ভোট হচ্ছে সাক্ষ্য (شهادة):  

 وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ — (সূরা হজ ২২:৩০) “তোমরা মিথ্যা সাক্ষ্য থেকে বিরত থাকো।”

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, أَلَا وَقَوْلُ الزُّورِ، أَلَا وَقَوْلُ الزُّورِ، أَلَا وَقَوْلُ الزُّورِ — (সহীহ বুখারী, হা/৫৯৭৬) “শোনো! মিথ্যা সাক্ষ্য, শোনো! মিথ্যা সাক্ষ্য, শোনো! মিথ্যা সাক্ষ্য।”  আয়াত: وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ ۚ وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ — (সূরা বাকারা ২:২৮৩) “তোমরা সাক্ষ্য গোপন করো না। যে ব্যক্তি তা গোপন করে, তার অন্তর গুনাহগার।” অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া মানে মিথ্যা সাক্ষ্য, যা কবীরা গুনাহ।

 ২. ভোট হচ্ছে সুপারিশ (شفاعة):  

 مَّن يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُن لَّهُ نَصِيبٌ مِّنْهَا ۖ وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُن لَّهُ كِفْلٌ مِّنْهَا — (সূরা নিসা ৪:৮৫) “যে ভালো সুপারিশ করবে, সে তার অংশ পাবে; আর যে মন্দ সুপারিশ করবে, সেও তার অংশ পাবে।”  প্রার্থীর মাধ্যমে যত ভালো বা মন্দ কাজ হবে, ভোটারও তাতে অংশীদার হবেন।

 ৩. ভোট হচ্ছে প্রতিনিধিত্বের অনুমতি (تفويض السلطة):  

ভোটার একজন প্রার্থীকে জাতির পক্ষ থেকে দায়িত্ব অর্পণ করেন। অযোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে বিজয়ী করা মানে জাতির অধিকার নষ্ট করার গুনাহ।

 ৪. সত্য সাক্ষ্য গোপন করা হারাম:  

 وَأَقِيمُوا الشَّهَادَةَ لِلَّهِ — (সূরা তালাক ৬৫:২) “তোমরা আল্লাহর জন্য সাক্ষ্য দাও।”

 সত্য সাক্ষ্য দেওয়া ওয়াজিব, আর তা গোপন করা হারাম।

 ৫. টাকার বিনিময়ে ভোট দেওয়া = ঘুষ ও বিশ্বাসঘাতকতা: 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, أَخْسَرُ النَّاسِ مَنْ بَاعَ دِينَهُ بِدُنْيَا غَيْرِهِ — (মুসনাদে আহমদ) “সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেই ব্যক্তি, যে অন্যের দুনিয়া সাজাতে গিয়ে নিজের দ্বীন ধ্বংস করে।”

ভোট একটি শরয়ি আমানত, যা সত্য, তাকওয়া ও দায়িত্ববোধ নিয়ে প্রয়োগ করতে হয়। অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া মানে মিথ্যা সাক্ষ্য, মন্দ সুপারিশ ও অন্যায় প্রতিনিধিত্ব, যা ইসলামে হারাম ও কবীরা গুনাহ। তাই মুসলিমদের উচিত সচেতনভাবে, শরিয়তের আলোকে ও আখেরাতকেন্দ্রিক চিন্তা নিয়ে ভোট প্রদান করা।

উপসংহার

ইসলামে নেতৃত্ব নির্বাচন একটি পবিত্র দায়িত্ব, যা আমানত, তাকওয়া, যোগ্যতা ও পরামর্শের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বে বসানো সমাজের জন্য ধ্বংস ডেকে আনে, আর যোগ্য নেতার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ন্যায়, শান্তি ও কল্যাণ। তাই মুসলিম সমাজে নেতৃত্ব নির্বাচন ও ভোট প্রদান শরয়ি দায়িত্ব, যা সচেতনতা, তাকওয়া ও শরিয়তের নির্দেশনা অনুযায়ী পালন করতে হবে। এই পদ্ধতি অনুসরণ করলেই সম্ভব হবে একটি আদর্শ ইসলামী সমাজ গঠন।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক