মহাব্বত মুন্সি
০৮ জুলাই, ২০২৬, 12:31 PM
সহস্রাইল বাজারের সিমেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের এক সিমেন্ট ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তার কাছ থেকে নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (তারিখ) সকাল প্রায় ১০টার দিকে আলফাডাঙ্গা গামী বোয়ালমারী উপজেলার ছত্রকান্দা মোড়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সহস্রাইল বাজারের সিমেন্ট ব্যবসায়ী সৈয়দ সোহরাব আলী আকিজ কোম্পানির সিমেন্টের ডেলিভারি অর্ডার (ডিও) করার জন্য নগদ ৩ লাখ টাকা নিয়ে আলফাডাঙ্গা সোনালী ব্যাংকের উদ্দেশ্যে রওনা হন। পথে ছত্রকান্দা মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তার কাছে থাকা নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা দিনের আলোতে এমন সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।