ডেস্ক রিপোর্ট
০৫ জুলাই, ২০২৬, 8:15 PM
শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন, বিভিন্ন অনিয়মের অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ফুলতলা গ্রামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ ভবনে নিয়মিত উপস্থিত থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা না করে নিজ বাড়ি থেকে অফিস পরিচালনা করছেন। ফলে ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
বক্তারা আরও অভিযোগ করেন, জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এ ছাড়া চেয়ারম্যানের বিরুদ্ধে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগও উত্থাপন করা হয়। তবে মানববন্ধনে এসব অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি।
মানববন্ধনে বক্তব্য দেন শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রদল নেতা রইসুল ইসলাম পলাশ, বিএনপি নেতা মুকুল মিয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম (কালা মিয়া)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।
বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।