ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আলফাডাঙ্গা সমাজসেবা অফিসে দুর্বৃত্তদের হামলা মধুখালীর মথুরাপুর সড়ক এখনও কাঁচা, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ মধুখালীতে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে আলফাডাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পণ্ড, আন্দোলনের মুখে উপস্থিত দলকে চ্যাম্পিয়ন ঘোষণা প্রধান অতিথি ইস্যুতে আলফাডাঙ্গায় মিনি গোল্ডকাপের ফাইনাল স্থগিত বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

বহিষ্কৃত বিএনপি নেতা ঝুনুর বিরুদ্ধে মাদরাসার রেল লিজের জমি দখলের অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২৬,  8:36 PM

news image

 ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঞ্জেরী মডেল মাদরাসা ও হেফজখানার নামে বাংলাদেশ রেলওয়ের বৈধ লিজকৃত জমি অবৈধভাবে দখল করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মাদরাসা কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয় বিএনপির বহিষ্কৃত নেতা শামসুদ্দীন মিয়া ঝুনুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বৈধ লিজকৃত জমি মাদরাসা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।


রবিবার (৫ জুলাই) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদরাসা কর্তৃপক্ষের প্রতিনিধি।

লিখিত বক্তব্যে জানানো হয়, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত পাঞ্জেরী একাডেমী কিন্ডারগার্টেনকে স্থায়ীভাবে স্থানান্তরের লক্ষ্যে তৎকালীন অধ্যক্ষ আবুল কাশেম মাহমুদের নামে ১৪ এপ্রিল ১৯৯৩ সালে বাংলাদেশ রেলওয়ের ১.০০ একর জমির লাইসেন্স (নং-০৪৯৫০) গ্রহণ করা হয়। পরবর্তীতে ৩০ ডিসেম্বর ১৯৯৬ সালে আরও ০.৬৬ শতাংশ জমির জন্য লাইসেন্স (নং-০৭৭৪২/২) প্রদান করা হয়। প্রথম লাইসেন্সের খাজনা ২০০৫ সাল পর্যন্ত এবং দ্বিতীয় লাইসেন্সের খাজনা ১৩ এপ্রিল ২০২৭ সাল পর্যন্ত পরিশোধ করা হয়েছে বলে দাবি করা হয়।

মাদরাসা কর্তৃপক্ষের ভাষ্য, লাইসেন্সকৃত জমিতে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের ঘর, বেড়া ও সাইনবোর্ড ছিল। তবে পরবর্তীতে স্থানীয় বিএনপির বহিষ্কৃত নেতা শামসুদ্দীন মিয়া ঝুনু ৪৮০ বর্গফুট বাণিজ্যিক লিজের আড়ালে কয়েক হাজার বর্গফুট রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে প্লট আকারে বিক্রি করেছেন বলে তারা অভিযোগ করেন। বর্তমানে সেখানে যারা বসবাস বা ভোগদখলে রয়েছেন, তাদের কারও বৈধ রেল লাইসেন্স নেই বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মাদরাসার বৈধ লিজের জমিতেও দখল করে সেখানে প্রবেশে বাধা সৃষ্টি করা হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। স্থানীয় সংসদ সদস্যও আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিলেও অভিযুক্ত পক্ষ এতে সাড়া দেননি বলে দাবি করেন বক্তারা।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ২০১৬ সালে রেলওয়ের জমি দখলের অভিযোগে শামসুদ্দীন মিয়া ঝুনুর বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। একই বছরে অবৈধভাবে স্থাপনা নির্মাণের সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন বলেও দাবি করা হয়।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে পাঞ্জেরী একাডেমী কিন্ডারগার্টেন ‘পাঞ্জেরী মডেল মাদরাসা ও হেফজখানা’ হিসেবে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটিতে আলিয়া বিভাগ ও হেফজখানা রয়েছে। ধর্মীয় এ শিক্ষাপ্রতিষ্ঠানকে রেলের বৈধ লিজকৃত জমিতে স্থানান্তর করার লক্ষ্যে তারা জমি উদ্ধার এবং দখল বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে প্রশাসন, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত শামসুদ্দীন মিয়া ঝুনুর বক্তব্য জানা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক