ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লটারির আড়ালে জমজমাট জুয়ার আসর, সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বোয়ালমারীতে এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ, ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা প্রদান আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন আবাসিক কওমি মাদরাসার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সাধারণ আলেম সমাজের ১০ দফা ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা, মাদ্রাসায় লবণ বিতরণ পল্লবীতে শিশু রামিসার পরিবারের পাশে তারেক রহমান, দ্রুত তদন্তের আশ্বাস আলফাডাঙ্গায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবকের উপর হামলার অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল

নগরকান্দায় বেপরোয়া ট্রাকচালকের তাণ্ডব, গণপিটুনিতে চালকের মৃত্যু

#

নিমাত উল্লাহ

০২ মে, ২০২৬,  6:34 PM

news image

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে একাধিক পথচারীকে আহত করার পর স্থানীয় জনতার গণপিটুনিতে হান্নান (৪৫) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলফারসহ আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার দিনগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক হান্নানের বাড়ি বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকায়।

আহতরা হলেন—সালথা উপজেলার সোনাখোলা গ্রামের বাসিন্দা ট্রাকের হেলফার মো. নাঈম (২২) এবং একই উপজেলার কাগদী এলাকার বাসিন্দা মো. আল-আমিন (২৫)। তারা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-৭৩৩২) বেপরোয়া গতিতে গ্রামের সরু সড়ক দিয়ে চলাচল করছিল। এ সময় ট্রাকটির কারণে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাকটি রসুলপুরসহ আশপাশের এলাকায় একাধিক পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির ধাক্কায় অন্তত ২০ জন পথচারী আহত হন। পরে ট্রাকটি নগরকান্দা উপজেলার বিলনালিয়া নতুন বাজার এলাকায় মুন্সী স্টোরে সজোরে ধাক্কা দিলে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ট্রাকটির গতিরোধ করে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকচালক, হেলফারসহ তিনজনকে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। একই সঙ্গে ট্রাকটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ এবং তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, “ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এর আগেই স্থানীয়রা ট্রাকচালকসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এর মধ্যে ট্রাকচালক হাসপাতালে নেওয়ার পর মারা যান।”

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ বলেন, “ট্রাকটি বেপরোয়া গতিতে বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহতের প্রকৃত সংখ্যা যাচাই করা হচ্ছে।”

তিনি আরও জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo সম্পাদক ও প্রকাশক: মোঃ রিজাউল হক